ডিসকর্ডে অডিওতে আসছে ‘পেইড টিকেট’

১৫ মে, ২০২১ ১৬:২৭  
এই গরমেই ‘থ্রেডস’ নামের নতুন টেক্সট চ্যাট নিয়ে আসার কথা রয়েছে চ্যাটিং অ্যাপ ডিসকর্ডের। গত মাসেই মাইক্রোসফটের সঙ্গে বিক্রির আলোচনার ইতি টেনেছে। একইসঙ্গে একক প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা বাড়াতে সাইটটি থেকে অর্থ আয়ের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। অডিও আয়োজনে যুক্ত হচ্ছে ‘পেইড টিকেট’ ফিচার। এতে অর্থমূল্যে কেনা টিকেটের মাধ্যমে আয়ের সুযোগ পাবে নির্মাতারা। ডিসকর্ড মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নতুন ফিচার ৫০ জনেরও কম নির্মাতার উপর পরীক্ষা করে দেখবে ডিসকর্ড। নির্মাতারা সবাই যুক্তরাষ্ট্রের। এদিকে আগামী মাসে আরও একটি টুল নিয়ে আসার ঘোষণা দিয়েছে সেবাটি। ওই টুলের মাধ্যমে সহজেই ‘লাইভ অডিও চ্যানেল’ খুঁজে বের করতে পারবেন ব্যবহারকারীরা। এর আগে মার্চে “স্টেজ চ্যানেলস” নামে নতুন এক সেবা এনেছিল ডিসকর্ড। স্টেজ চ্যানেলস সেবায় ব্যবহারকারীরা আয়োজক পরিচালিত কোনো অডিও চ্যানেলে টিউন ইন করতে পারেন। ফিচারটি ‘ইনভাইট অনলি’ অ্যাপ ক্লাবহাউসের আদলে তৈরি করা। শুরুতে ভিডিও গেমাররা ডিসকর্ড ব্যবহর করলেও মহামারিতেকমেডি ক্লাব থেকে শুরু করে ক্যারিওকি পার্টি সবই চলছে এই প্লাটফর্মে। ফলে বর্তমানে সেবাটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ১৫ কোটি।